Print

সারাদিন

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

সারাদিন ডেস্ক

সারা দেশে আবারও চোখ রাঙাতে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। অন্যজন বরিশাল বিভাগের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে।

একই সময়ে সবচেয়ে বেশি ৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ৫২ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ১৬ জুন ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

Nagad
Nagad

তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন; ওই বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।