প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সবসময় পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর তৎপরতা এবং আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে হয়। এখন আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’
বিরোধী দলের সভা-সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, সভা-সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার এবং এতে গণতন্ত্র বিকশিত হচ্ছে। আগের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো আছে বলেও দাবি করেন তিনি।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।