Print

সারাদিন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচি ঠেকাতে আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর রাজপথে অবস্থান নেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে জোটটি। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে আগামী ৪ জুলাই সারাদেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনের আগে সকাল ১০টায় সেখানে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। তবে জোটের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘ঠেকাতেই’ মূলত জামায়াত-এনসিপিসহ ১১ দল রাজপথে থাকবে।

মঙ্গলবার আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনও মিছিল-শোডাউন হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করে হামিদুর রহমান আযাদ বলেন, “ফ্যাসিবাদের উত্থান সরকার ঠেকাতে না পারলে ১১ দল দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে।”

তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় শিথিলতার কারণে ‘ফ্যাসিবাদের উত্থানের পদধ্বনি’ শোনা যাচ্ছে। বিভিন্ন জায়গায় উত্তেজনা ও হামলার ঘটনা ঘটছে। অন্যায়ের বিরুদ্ধে ১১ দল মাঠে নামলে তাদের ওপর সরকারি দলের লোকজন হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Nagad
Nagad

রাজধানীর সমাবেশ থেকে হামলা, খুন ও নির্যাতনের বিচার দাবি জানানো হবে বলেও জানান হামিদুর রহমান আযাদ। পাশাপাশি নৃশংসতা, সরকারের ব্যর্থতা এবং ‘ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতার’ বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।