Print

সারাদিন

দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী আমির খসরু

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

পুঁজিবাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এবং এটি বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ তৈরি করবে।

সোমবার (২২ জুন) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘সংখ্যার বাইরে, বাংলাদেশের ভবিষ্যৎ গড়া: প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় যোগ্যতার ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বড় বড় বিদেশি কোম্পানি ও তাদের ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।

তিনি আরও বলেন, “জেপি মরগান আমার সঙ্গে দেখা করেছে এবং তারা বিনিয়োগ করতে চায়। বড় বড় কোম্পানি আসা শুরু করেছে, তাদের ফান্ড ম্যানেজাররাও আসছে।”

অর্থমন্ত্রী জানান, বর্তমান বাজেটে তরুণ প্রজন্ম, স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কর অব্যাহতি রাখা হয়েছে। বৈদেশিক আয় আনার প্রক্রিয়াও সহজ করা হয়েছে এবং ৫ হাজার ডলার পর্যন্ত আয়ের ক্ষেত্রে কাগজপত্রের জটিলতা কমানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, রেমিট্যান্স প্ল্যাটফর্মকে আরও সহজ ও ফ্রি করা হয়েছে।

ডিজিটাল অর্থনীতি ও সেবা সহজীকরণ

Nagad
Nagad

ডিজিটাল অর্থনীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার দেশকে সম্পূর্ণ অনলাইনভিত্তিক রিয়েল টাইম সিস্টেমে নেওয়ার কাজ করছে। তিনি বলেন, ‘আমরা সিম ফ্রি করে দিয়েছি। আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে যত কিছু আছে সব কিছু কমিয়ে দিয়েছি। আমরা রিয়েল ডিজিটাল হতে চাই।’ তিনি আরও বলেন, সবকিছু ডিজিটাল হলে কর ফাঁকি কমবে, সরকারি সেবায় মানুষের সরাসরি যেতে হবে না এবং দুর্নীতি কমে আসবে।

বাজেট ও অর্থনীতির কাঠামো

বাজেট প্রসঙ্গে তিনি জানান, মাত্র দেড় মাসে বাজেট তৈরি করা হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, আগের অর্থনীতি ছিল পৃষ্ঠপোষকতাভিত্তিক, যেখানে কিছু গোষ্ঠী বেশি সুবিধা পেয়েছে। এখন অর্থনীতিকে গণতান্ত্রিক করার দিকে সরকার এগোচ্ছে। তিনি আরও বলেন, অর্থনীতির সুফল জনগণের কাছে না পৌঁছালে কোনো উন্নয়ন অর্থবহ নয়।

সৃজনশীল অর্থনীতি ও সংস্কৃতি

অর্থমন্ত্রী জানান, কামার, কুমার, ক্ষুদ্র ও কুটির শিল্প, বাউল, পালাগান ও থিয়েটার সংশ্লিষ্টদের মূলধারার অর্থনীতিতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি পূর্বাচলে ১৬০ একর জমির ওপর থিয়েটার ডিস্ট্রিক্ট গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ সেলিম জাহান বলেন, বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা।

সিজিএস সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ এবং ট্রান্সকম লিমিটেডের সিইও সিমিন রহমানসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।