Print

সারাদিন

চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

সারাদিন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি সম্পন্ন হলে ইরানের ওপর থেকে প্রায় ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) মার্কিন ডলারের নিষেধাজ্ঞা শিথিল এবং আটকে থাকা তহবিল মুক্ত করা হতে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দুই দেশের প্রথম দফার আলোচনার পর এই সম্ভাবনার বিষয়টি সামনে আসে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তহবিল ছাড়ের প্রাথমিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আলোচনার সূত্র অনুযায়ী, কাতারের দোহায় পূর্বে দুই দফায় ৬ বিলিয়ন ডলার করে মোট ১২ বিলিয়ন ডলার ছাড়ের বিষয়ে প্রাথমিক সম্মতি হয়েছিল। নতুন রূপরেখা অনুযায়ী, চুক্তির শুরুতে প্রথম ধাপে ১২ বিলিয়ন ডলার অবমুক্ত করা হতে পারে। এরপর ৬০ দিনের আলোচনায় আরও ১২ বিলিয়ন ডলার ছাড়ের সম্ভাবনা রয়েছে। আর শেষ পর্যন্ত চূড়ান্ত চুক্তি হলে মোট অর্থের পরিমাণ ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

তবে এসব অর্থ সরাসরি নগদ হিসেবে ইরান পাবে না বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, নগদ অর্থ দিলে তা সামরিক বা নিষেধাজ্ঞাভুক্ত সংস্থার হাতে যেতে পারে। তাই এই অর্থ মূলত খাদ্য, ওষুধ এবং মানবিক পণ্য আমদানিতে ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে।

এছাড়া শর্ত অনুযায়ী, এসব অর্থ ব্যয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-অনুমোদিত ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে হবে। যদিও এই শর্তে ইরানের অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে দেশটি এখন পর্যন্ত প্রকাশ্যে তা প্রত্যাখ্যান করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Nagad
Nagad