প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
মুদিদোকান, বিউটি পার্লারসহ আরও বেশ কয়েকটি নতুন ব্যবসায়িক খাতকে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের (মূল্য সংযোজন কর) আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তরটি টেবিলে উপস্থাপিত হয়।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনায় থাকা খাতগুলোর মধ্যে রয়েছে— মুদিদোকান, বিউটি পার্লার, তৈরি পোশাক বা কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকস বা প্রসাধনের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটর এবং মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেনসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা।
এ ছাড়া পেইন্ট, স্যানিটারি ও ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভাণ্ডার এবং রেস্টুরেন্টকেও এই প্রক্রিয়ার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ সরকারের মোট ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। দেশের অভ্যন্তরীণ রাজস্ব খাতকে আরও শক্তিশালী করতে নতুন নতুন খাতকে ভ্যাটের আওতায় আনার এই রূপরেখা তৈরি করা হচ্ছে।