প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৬
সারাদিন ডেস্ক
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও সনি বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে এআইইউবির ফটোগ্রাফি ক্লাবকে ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে সনি বাংলাদেশ।
মঙ্গলবার (২৩ জুন) এআইইউবি ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার এবং সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেড, বাংলাদেশ শাখার ব্রাঞ্চ হেড জোশুয়া কুয়েক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের মেন্টররা।
অন্যদিকে সনি সিঙ্গাপুরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড অব ডিজিটাল ইমেজিং কারেন সাম এবং ডিজিটাল ইমেজিং প্রোডাক্ট স্পেশালিস্ট জনাথন পুন।
সমঝোতা স্মারকের আওতায় সনি বাংলাদেশ, এআইইউবির অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে পরিচালিত এআইইউবি ফটোগ্রাফি ক্লাবকে বিনামূল্যে সনির ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করবে। পাশাপাশি ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে, যা তাদের ফটোগ্রাফিবিষয়ক কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।
এ সহযোগিতার অংশ হিসেবে ভবিষ্যতে ক্লাবটি ‘এআইইউবি ফটোগ্রাফি ক্লাব, পাওয়ার্ড বাই সনি’ নামে পরিচিত হবে।