Print

সারাদিন

দেশের ৯ ওয়েডিং স্টুডিওকে নিয়ে ‘সনি আলফা বাংলাদেশ ওয়েডিং অ্যালায়েন্স’ চালু

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

সারাদিন ডেস্ক

বাংলাদেশের ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শিল্পের মানোন্নয়ন এবং পেশাগত সহযোগিতা জোরদার করতে ‘সনি আলফা বাংলাদেশ ওয়েডিং অ্যালায়েন্স’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান সনি।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অ্যালায়েন্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, ওয়েডিং স্টুডিওর প্রতিষ্ঠাতা এবং সংশ্লিষ্ট শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সনি জানিয়েছে, দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং স্টুডিওগুলোকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করে সৃজনশীল অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে বাংলাদেশের ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং পেশাগত উৎকর্ষ আরও বৃদ্ধি পাবে।

বাংলাদেশের সৃজনশীল পেশাজীবীদের সহযোগিতার অংশ হিসেবে সনি আধুনিক ক্যামেরা প্রযুক্তি এবং উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে। এতে ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফাররা আরও উচ্চমানের ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির পাশাপাশি নিজেদের পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন।

এই অ্যালায়েন্সে দেশের শীর্ষস্থানীয় ৯টি ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি স্টুডিও যুক্ত হয়েছে। এগুলো হলো—ড্রিম উইভার, রিলস অ্যান্ড স্টোরিজ, রেমিনিসেন্স ফটোগ্রাফি, কে. নাসিফ ফটোগ্রাফি, ছায়াছবি, স্ন্যাপশট, চিত্রগল্প, তানভীর আলী ফটোগ্রাফি এবং ব্রাইডাল হেরিটেজ।

এ ছাড়া পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের সনির অনুমোদিত ডিলারদের কাছ থেকে আসল পণ্য কেনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। সনি জানায়, ১৮ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি স্টিকারযুক্ত পণ্য কিনলে গ্রাহকরা নিশ্চিত ওয়ারেন্টি সুবিধার পাশাপাশি প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা ও প্রযুক্তিগত সহায়তা পাবেন।

Nagad
Nagad