প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল সরকার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি সংগঠনের বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ, সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ এবং সরকারবিরোধী কার্যক্রমে ভূমিকা পালন করেছেন।
এতে আরও বলা হয়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, সিম কার্ডসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এসব আলামত যাচাই, তার সহযোগীদের শনাক্ত, অর্থের উৎস অনুসন্ধান এবং ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের স্বার্থে রিমান্ড প্রয়োজন।
মামলার নথি অনুযায়ী, শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনালসংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নূর মোহাম্মদ ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা সহযোগীকে নিয়ে একটি অবৈধ মিছিল বের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা এবং জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে তারা লাঠিসোটা ও উসকানিমূলক ব্যানার-প্ল্যাকার্ড বহন করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। একপর্যায়ে ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, উসকানিমূলক ব্যানার-প্ল্যাকার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ঘটনার পর দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।