প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
সারাদিন ডেস্ক
উজান থেকে নেমে আসা ঢলে নীলফামারীর তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে। এতে নদীতীরবর্তী নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২২ মিটার। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে সকাল ৯টায় একই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে ছিল। কয়েক ঘণ্টার ব্যবধানে উজানের ঢলে পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে।
পানি বৃদ্ধির ফলে ডিমলা ও জলঢাকা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানির চাপ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।