Print

সারাদিন

অ্যানিমেশন প্রদর্শনীতে অংশ নিলেন এআইইউবির শিক্ষার্থীরা

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (জেএমসি) বিভাগের অ্যানিমেশন ট্র্যাক ও জার্নালিজম প্রোগ্রামের শিক্ষার্থীরা ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত ‘দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং: বেস্ট শো এভারেস্ট’ শীর্ষক অ্যানিমেশন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

গত ২৫ জুন অনুষ্ঠিত এ প্রদর্শনীর আয়োজন করে ঢাকাভিত্তিক সৃজনশীল প্রতিষ্ঠান দ্য সেকেন্ড স্টুডিও। অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীরা বাংলাদেশের স্বাধীন অ্যানিমেশন শিল্প ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের সৃজনশীল ও কারিগরি প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

ঐশিক জাওয়াদ, জুনাইদ ইকবাল ইশমাম ও রাকিব রাজ্জাক প্রতিষ্ঠিত দ্য সেকেন্ড স্টুডিও অ্যানিমেশন, কমিকস, ইলাস্ট্রেশন, গেম ডেভেলপমেন্ট, ডিজাইন এবং গল্প বলাসহ বিভিন্ন সৃজনশীল মাধ্যমে কাজ করে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল একটি অ্যানিমেশন তৈরির সম্পূর্ণ প্রক্রিয়ার উপস্থাপনা। এতে শিক্ষার্থীরা প্রি-প্রোডাকশন পর্যায়ের আইডিয়া ডেভেলপমেন্ট, স্ক্রিপ্ট রচনা, ব্রেইনস্টর্মিং, চরিত্র ও পরিবেশ নকশা, স্টোরিবোর্ড এবং অ্যানিমেটিকস সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি প্রোডাকশন পর্যায়ের অ্যানিমেশন ও ভিজ্যুয়াল অ্যাসেট তৈরি এবং পোস্ট-প্রোডাকশনের কম্পোজিটিং, সম্পাদনা, সাউন্ড ডিজাইন ও অডিও ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ধাপও সরাসরি পর্যবেক্ষণ করেন।

চূড়ান্ত অ্যানিমেটেড কাজের পাশাপাশি নির্মাণের প্রতিটি ধাপের উপকরণ প্রদর্শনের মাধ্যমে একটি মানসম্মত অ্যানিমেশন তৈরির পূর্ণাঙ্গ প্রক্রিয়া তুলে ধরা হয়।

প্রদর্শনীতে দ্য সেকেন্ড স্টুডিও নির্মিত ‘ঢাকা সারভাইভার’ নামের একটি ইনফিনিট রানার ভিডিও গেমও প্রদর্শন করা হয়। ‘কার্টুনস ফর ইকুয়ালিটি: প্রিভেন্টিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস’ উদ্যোগের অংশ হিসেবে নির্মিত এই গেমে ঢাকার রাস্তায় নারীদের দৈনন্দিন চলাচলের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সামাজিক সচেতনতা তৈরিতে ইন্টারঅ্যাকটিভ মিডিয়ার কার্যকর ব্যবহারও উপস্থাপন করা হয়।

Nagad
Nagad

জেএমসি বিভাগের অ্যানিমেশন ট্র্যাকের প্রভাষক মিস রানি এলেন ভি. রামোস এ শিক্ষা সফরের আয়োজন করেন।