Print

সারাদিন

‘এইচএসসি পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা’

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

সারাদিন ডেস্ক

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে এইচএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা নেই বলেই সরকার আশা করছে। প্রশ্নপত্রের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ডিজিটাল প্রশ্নপত্র চালু হলেও শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়, কারণ বিশ্বের উন্নত দেশগুলোতেও সাইবার ঝুঁকি রয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে কোনো সংসদ সদস্যের (এমপি) কেন্দ্র পরিদর্শনের কারণে যেন পরীক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গত এসএসসি পরীক্ষায় এমন কয়েকটি ঘটনা ঘটেছিল বলেও উল্লেখ করেন তিনি।

খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষক নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করবেন না। পাশাপাশি পরীক্ষকের সংখ্যা বৃদ্ধি, একজন পরীক্ষকের কাছে খাতার সংখ্যা কমিয়ে আনা এবং র‌্যান্ডম পদ্ধতিতে উত্তরপত্র পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

Nagad
Nagad

এ বছর মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এবং এতে অংশ নিচ্ছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।