Print

সারাদিন

খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের চাপের অভিযোগ

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

সারাদিন ডেস্ক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় বিভিন্ন দেশকে অংশ না নিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে তাসনিম জানায়, খামেনির জানাজা ঘিরে গত পাঁচ দিনে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দাবি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে কোনো দেশ প্রতিনিধিদল পাঠালে তাদের উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া বা স্থগিত করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানানো হয়।

তাসনিমের দাবি, গত ২৬ জুন মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোর জন্য একটি গোপন নির্দেশনা জারি করেন। এতে স্বাগতিক দেশগুলোর কর্মকর্তাদের বোঝাতে যুক্তরাষ্ট্রের সব ধরনের কূটনৈতিক সক্ষমতা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনায় ইরানের জানাজায় অংশগ্রহণকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করা হবে বলেও উল্লেখ ছিল বলে দাবি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে অনুষ্ঠানে অংশ না নেওয়ার অনুরোধ জানান।

আফ্রিকার কয়েকটি দেশেও মার্কিন রাষ্ট্রদূতরা প্রতিনিধি পাঠানো হলে উন্নয়ন সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও দাবি করেছে তাসনিম।

Nagad
Nagad

ইরানি সংবাদমাধ্যমটির ভাষ্য, মার্কিন চাপের কারণে অন্তত ১৩টি দেশ শেষ পর্যন্ত জানাজায় অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসে। এসব দেশের মধ্যে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার কয়েকটি দেশ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এ চাপ সত্ত্বেও ১০০টির বেশি দেশের প্রতিনিধি তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন বলে দাবি করেছে তাসনিম। তাদের মতে, এটি খামেনির প্রতি আন্তর্জাতিক শ্রদ্ধা এবং মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার সীমিত প্রভাবের প্রতিফলন।

প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে তেহরানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। পরে তাকে ইরানের মাশহাদে ইমাম রেজার মাজারসংলগ্ন এলাকায় দাফন করা হবে।

এদিকে, জানাজা উপলক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।