প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬
সারাদিন ডেস্ক
অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে জুলাই আন্দোলনকে অবমাননা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে পাঠানো হয়েছে।
শনিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযোগটি সাইবার-সংশ্লিষ্ট হওয়ায় তদন্তের স্বার্থে ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। তারা অভিযোগের বিষয়বস্তু যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রতিবেদন দেবে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের তিনজন প্রতিনিধি থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্টের মাধ্যমে জুলাই আন্দোলনকে অবমাননার অভিযোগ তুলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।
অভিযোগপত্রে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা স্বাক্ষর করেন।
লিখিত অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন।
চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করেছেন এবং তাদের কর্মকাণ্ডকে অভিনয়ের সঙ্গে তুলনা করে হেয় করেছেন।
শাহবাগ থানা সূত্র জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।