প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
সারাদিন ডেস্ক
বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। দলের তারকা ফরোয়ার্ড নেইমার চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
নকআউট পর্বের ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ডান পায়ের কাফ মাসলের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার। প্রয়োজন হলে তিনি পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত।
নেইমার শুরুর একাদশে থাকবেন কি না-এমন প্রশ্নের জবাবে ব্রাজিল কোচ বলেন, “সে পুরোপুরি সক্ষম। মাঠে বেশি সময় থাকার ইচ্ছা তার মধ্যে রয়েছে, যা একজন পেশাদার ফুটবলারের জন্য স্বাভাবিক।”
আনচেলত্তি আরও বলেন, নেইমারের অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ। ম্যাচের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে দল তার ওপর নির্ভর করতে পারবে।
শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরেও নেইমারের প্রভাবের প্রশংসা করেন ব্রাজিল কোচ। তিনি বলেন, “দলের মধ্যে নেইমার অত্যন্ত সম্মানিত একজন ফুটবলার। পুরো টুর্নামেন্টে সে দারুণ অনুশীলন করেছে। তার দক্ষতা ও পেশাদারত্বের কারণেই সে এখনও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।”
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে মাঠে নেমেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে নেমে ১৪ মিনিট খেলেছিলেন তিনি।
তবে আনচেলত্তির ভাষ্য, এখন আর নেইমারের ফিটনেস নিয়ে কোনো শঙ্কা নেই। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রয়োজন হলে পুরো সময় খেলতে প্রস্তুত রয়েছেন ব্রাজিলের এই অভিজ্ঞ ফরোয়ার্ড।