Print

সারাদিন

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তানে গত শনিবার চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত ব্যবসায়ীদের মিছিলে সন্ত্রাসী চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসিতে জামায়াতমনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

মহানগরী উত্তর আমীর এক বিবৃতিতে বলেন, সরকারের রহস্যজনক নীরবতা ও উদাসীনতার কারণেই দেশ এখন রীতিমত চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ অপতৎপরতার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর লাগামহীন চাঁদাবাজীতে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা গত ৪ জুলাই বিকেলে রাজধানীর গুলিস্তানে এক বিক্ষোভ মিছিল বের করে। কিন্তু ব্যবসায়ীদের শান্তিপূর্ণ বিক্ষোভে চাঁদাবাজরা হামলা হালিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। প্রকাশ্য দিবালোকে এ হামলা চালানো হলেও পুলিশের ভূমিকা ছিলো রহস্যজনক। যা দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতির কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, জুলাই বিপ্লব ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নতুন সরকার গঠিত হওয়ার পর জনগণ আশা করেছিল, দেশে আইন ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে চাঁদাবাজি থেকে শুরু করে সকল প্রকার দুর্নীতি ও লুটপাট চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই জনগণ হতাশ হতে শুরু করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকারি দলের একশ্রেণির মূল্যবোধহীন নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় সারাদেশে লাগামহীন চাঁদাবাজির মহোৎসব চলছে। এ কাজে সহায়তা করছে আইনশৃঙ্খলা বাহিনীর একশ্রেণির সদস্য। গুলিস্তানের ঘটনায় পুলিশের দায়িত্বহীনতা সে কথাই স্মরণ করিয়ে দেয়।

তিনি ব্যবসায়ীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলা, কুপিয়ে জখম করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দায়ীদের আইনে আওতায় নেওয়ার দাবি জানান।