প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
সারাদিন ডেস্ক
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারায়ণ চন্দ্র (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারায়ণ চন্দ্র স্থানীয় একটি গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের মন্দির কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ রোববার (৬ জুলাই) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। একপর্যায়ে নারায়ণ চন্দ্র মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। পরে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে নারায়ণ চন্দ্র দ্রুত পালিয়ে যান। পরে শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানায়। এরপর রাতে রাজারহাট থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি তাঁর ইউনিয়নের একটি গ্রামের মন্দির কমিটির সভাপতি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘মামলা দায়েরের পর শনিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।’