প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
সারাদিন ডেস্ক
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আগামী ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকার। এ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্মরণসভা, সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের কর্মসূচি ঘোষণা করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হবে। এ উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।
সেদিন ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পাশাপাশি আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের কয়েকজন সদস্যও বক্তব্য রাখবেন।
ইশরাক হোসেন জানান, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মরণে এবং কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের স্মরণে পৃথক দুটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
তিনি বলেন, ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে স্মরণ করে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রদর্শনীটি চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘর প্রাঙ্গণ অথবা শাহবাগ এলাকায় অনুষ্ঠিত হতে পারে।
এছাড়া ১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালন করা হবে। এ উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিবাদী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিবাদী গানের আয়োজন করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, ২৪ জুলাই যাত্রাবাড়ীতে গণঅভ্যুত্থানের সময় গড়ে ওঠা প্রতিরোধের স্মরণে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ওই এলাকায় কয়েকদিন ধরে চলা আন্দোলনে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও মাদ্রাসার ছাত্ররা অংশ নিয়েছিলেন এবং সেখানে বহু মানুষ নিহত হন। তাদের স্মরণেই এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।