Print

সারাদিন

গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে সোমবার (৬ জুলাই) থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি পালন করবে দলটি।

রোববার (৫ জুলাই) রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৫ সালে দলের আত্মপ্রকাশের পর ৬৪ জেলা শহরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও একই কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হয়েছে।

সারজিস আলম জানান, সোমবার গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দলের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। তিনি বলেন, ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের কর্মসূচি শুরু হবে। উত্তরাঞ্চলের পদযাত্রার নেতৃত্ব দেবেন সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। অন্যদিকে দক্ষিণাঞ্চলের নেতৃত্বে থাকবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির দাবি, এই পদযাত্রার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলের প্রার্থীদের পরিচিতি বাড়ানো, সাংগঠনিক সক্ষমতা যাচাই এবং উপজেলা পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঘোষিত এসব এলাকাতেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় মানুষের সমস্যা ও মতামত সংগ্রহ করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

Nagad
Nagad

এছাড়া কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় কৃষক শক্তি’-এর আত্মপ্রকাশ হবে। ১৬ জুলাই রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে অংশ নেবেন দলের নেতারা।