প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
সারাদিন ডেস্ক
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন পদায়ন অনুযায়ী, বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি রাইহান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে তিন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এতে সিআইডির পুলিশ সুপার মোহাম্মাদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মাদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার এবং ফরিদপুরের বর্তমান পুলিশ সুপার নজরুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।