Print

সারাদিন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৬

সারাদিন ডেস্ক

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এছাড়া এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত মাসে আঘাত হানা জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছেন।

সরকারি হিসাবে, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা সম্পূর্ণ ধসে পড়েছে। এ পর্যন্ত ১৭ হাজার ৩৪৫ জন গৃহহীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তাও অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। এছাড়া ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দুর্গত মানুষের মধ্যে ৯ হাজার ৫৮৫ টন খাদ্য ও ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির চালু করা হয়েছে।

Nagad
Nagad

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে দেশটিতে ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি