প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৬
সারাদিন ডেস্ক
বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হতাশাজনক এই বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দলের অধিনায়ক মার্কিনিওস। একই সঙ্গে ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ ফুটবলারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হাল্যান্ড। অন্যদিকে ব্রাজিল পেনাল্টিসহ একাধিক নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচ শেষে সুযোগ নষ্টকেই দলের বিদায়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন মার্কিনিওস।
ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় ব্রাজিল অধিনায়ক বলেন, ‘এমন হারের পর ব্যাখ্যা দেওয়া কঠিন। এ ধরনের ম্যাচে প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। নরওয়ে তাদের সুযোগগুলো কাজে লাগিয়েছে, কিন্তু আমরা পেনাল্টিসহ বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেছি। জিততে না পারায় সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। বিশ্বকাপে সাধারণত যে দল কম ভুল করে, তারাই পরের ধাপে যায়।’
দলের সিনিয়র খেলোয়াড় হিসেবে নিজের দায়িত্বের কথাও তুলে ধরেন তিনি। মার্কিনিওস বলেন, ‘অধিনায়ক এবং অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে দায়িত্ব আমাদেরই নিতে হবে, যাতে আগামী প্রজন্ম আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।’
বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই ডিফেন্ডার। তার বিশ্বাস, অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে ব্রাজিল আরও শক্তিশালী দল হিসেবে ফিরে আসবে।