Print

সারাদিন

১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

টানা বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে পর্যটক এবং জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (৬ জুলাই) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে সড়ক যোগাযোগ, পাহাড়ধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তিনি সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

Nagad
Nagad