প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬
সারাদিন ডেস্ক
সরকার আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা নিয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
তথ্য উপদেষ্টা জানান, আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শুরুর পর ১০ থেকে ১২ মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি অনাকাঙ্ক্ষিত। তবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী এ ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের আওতায় পড়ে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।
অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনগণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।