Print

সারাদিন

আজ রাতে আর্জেন্টিনার সামনে মিশরের ঐতিহাসিক চ্যালেঞ্জ

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ পেরিয়ে ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি, ব্রাজিল ও পর্তুগালের মতো শক্তিশালী দল। তবে দুর্দান্ত ছন্দে রয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। টুর্নামেন্টে চার ম্যাচে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে কষ্টার্জিত জয়ের পর একাদশে কয়েকটি পরিবর্তনের পরিকল্পনা করেছেন স্কালোনি। মিশরের গতি ও শারীরিক শক্তির কথা বিবেচনায় রক্ষণ ও মাঝমাঠে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। আক্রমণভাগে প্রথমবারের মতো শুরু থেকেই মেসির সঙ্গে খেলতে পারেন হুলিয়ান আলভারেজ।

অন্যদিকে, এবারের বিশ্বকাপেই ইতিহাস গড়েছে মিশর। প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের প্রথম নকআউট জয়ও পেয়েছে ফারাওরা। এবার তাদের লক্ষ্য আরও বড়—বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা।

মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহর সামনে রয়েছে ব্যক্তিগত মাইলফলকের সুযোগও। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৮ গোল করেছেন তিনি। আর একটি গোল করলেই ৬৯ গোল নিয়ে দেশটির সর্বোচ্চ গোলদাতা হোসাম হাসানের রেকর্ড স্পর্শ করবেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মিশরের কোচ হোসাম হাসান বলেন, ‘আমরা জানি, বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না।’

Nagad
Nagad

তিনি আরও বলেন, ‘আমাদের স্বপ্নের কোনো সীমা নেই। আমরা কোনো আন্ডারডগ নই। ৭ হাজার বছরেরও বেশি পুরোনো একটি সভ্যতার প্রতিনিধিত্ব করছি। মিশর, আরব বিশ্ব ও আফ্রিকার মানুষের জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

দুই দলের মধ্যে এখন পর্যন্ত মাত্র একবার দেখা হয়েছে। ২০০৮ সালে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে মিশরকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

মিশরের সম্ভাব্য একাদশ: মোস্তফা শৌবির, মোহাম্মদ হানি, হামদি ফাথি, ইয়াসের ইব্রাহিম, রামি রাবিয়া, মোহাম্মদ সালাহ, মারওয়ান লাশিন, মারওয়ান আতিয়া, মোহাম্মদ জিকো, এমাম আশুর ও ওমর মারমুশ।