প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬
সারাদিন ডেস্ক
বিশ্বের বিভিন্ন শহরের বাসযোগ্যতার ওপর ভিত্তি করে প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক সূচকে আবারও বিশ্বের তৃতীয় কম বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম, যা গত বছরের মতোই অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো, সংস্কৃতি ও পরিবেশ এবং স্থিতিশীলতা—এই পাঁচটি সূচকের ভিত্তিতে বিশ্বের শহরগুলোর বাসযোগ্যতা মূল্যায়ন করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ বিদেশে কর্মরত কর্মীদের ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে এ সূচক ব্যবহার করে।
এবারের তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ৯৮ স্কোর নিয়ে শীর্ষে থাকা শহরটির পর দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
শীর্ষ ১০-এ উত্তর আমেরিকা থেকে স্থান পেয়েছে শুধু কানাডার ভ্যাঙ্কুভার, যার অবস্থান নবম। আর বিশ্বের বড় মহানগরগুলোর মধ্যে জাপানের রাজধানী টোকিও রয়েছে দশম স্থানে।
অন্যদিকে, তালিকার একেবারে শেষ অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে সর্বনিম্ন অবস্থানে থাকা শহরটির স্কোর ৩১ দশমিক ৬। এর ঠিক ওপরে ১৭২তম স্থানে রয়েছে লিবিয়ার ত্রিপোলি। ৪১ দশমিক ৭ স্কোর নিয়ে ১৭১তম স্থানে রয়েছে ঢাকা এবং ১৭০তম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শহরের অবস্থান অবনতি হয়েছে। ইরানি ড্রোন হামলার প্রভাবের পর ওমানের মাস্কাট ১৪ ধাপ পিছিয়ে ১২৩তম স্থানে নেমে এসেছে। একই সঙ্গে কাতারের দোহা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির অবস্থানও আগের তুলনায় নিচে নেমেছে।
অন্যদিকে, সরকারি বিনিয়োগ বৃদ্ধির ফলে স্বাস্থ্যসেবা খাতে উল্লেখযোগ্য উন্নতি করেছে চীনের বিভিন্ন শহর। তবে পরিবেশগত চ্যালেঞ্জ, কঠোর নজরদারি ব্যবস্থা এবং গণতান্ত্রিক সীমাবদ্ধতার কারণে দেশটির শহরগুলো সামগ্রিক র্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।