Print

সারাদিন

ইমন হত্যা মামলা: ইকবাল বাহার, সাবেক এমপি মুন্না ও মনু গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ইমন গাজী হত্যা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহার, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ মুন্না এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমাদুল করিম আদালতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, তদন্তে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি বর্তমানে যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

একই মামলায় হারুনুর রশীদ মুন্না ও কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানোর আবেদনেও বলা হয়, তাদের প্রত্যক্ষ নির্দেশ ও মদদে মো. ইয়াছিন উদ্দিন ওরফে শুটার লিটন নিহত ইমন গাজীকে লক্ষ্য করে গুলি করেন। তদন্তে প্রাথমিকভাবে এ অভিযোগের সমর্থনে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তারা পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীর চিটাগাং রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন গাজী। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে গত ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

Nagad
Nagad