Print

সারাদিন

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ) এবং রিক্কিও ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অনুধাবন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) এআইইউবির অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে দক্ষিণ এশিয়া ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা, আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সিএমএস ফেলো ও রিক্কিও ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. নাওনোরি কুসাকাবে বাংলাদেশ-জাপানের মধ্যে জ্ঞানভিত্তিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমসাময়িক আঞ্চলিক কৌশলগত আলোচনায় বাংলাদেশের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সেমিনারে আরও বক্তব্য দেন সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সেন্টার ফর মিডল ইস্টার্ন স্টাডিজের পরিচালক ড. আকিকো হোরিবা, টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের অ্যাসোসিয়েট প্রফেসর ও সিএমএস ফেলো ড. মাসাতো তোরিয়া এবং এসপিএফের প্রোগ্রাম অ্যাসোসিয়েট কিয়োকা ওইমাতসু। তারা বাংলাদেশ-জাপান একাডেমিক সহযোগিতা, নীতিনির্ভর গবেষণা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

সমাপনী বক্তব্যে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং নীতিনির্ধারণী সংলাপ জোরদারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআইইউবির রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান। তিনি বলেন, পরিবর্তিত আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতায় ‘গ্লোবাল সাউথ’-এর একটি সম্ভাবনাময় কৌশলগত শক্তি হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হচ্ছে।

Nagad
Nagad

সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা গবেষণাপত্র উপস্থাপন করেন। এআইইউবির সহকারী অধ্যাপক সাঈদ ইব্রাহিম আহমেদ দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস. এম. আলী রেজা বাংলাদেশ-জাপান সম্পর্ক ও দক্ষিণ এশিয়ার কূটনীতির ভবিষ্যৎ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মোস্তফা হোসেন আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশ ও জাপানের ভূমিকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে. এম. মাহিউদ্দিন সুশাসন ও পররাষ্ট্রনীতির সম্পর্ক, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সালেহ মো. শাহরিয়ার বাংলাদেশে চীনের সফট পাওয়ার কৌশল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধ্যাপক শাহাব এনাম খান দক্ষিণ এশিয়ায় জাপানের সম্পৃক্ততা ও বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারণী বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনায় সুশাসন, কূটনীতি, অর্থনৈতিক রূপান্তর, আঞ্চলিক সহযোগিতা এবং জাপানসহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশ, জাপান ও বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলের মধ্যে ভবিষ্যৎ একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও গুরুত্ব পায়।