Print

সারাদিন

কুমিল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা এবং মো. মতিউর রহমানের ছেলে।

ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সংকর কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আর্জেন্টিনা–মিশর ম্যাচে আর্জেন্টিনা প্রথম গোল হজম করার পর ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এ সময় আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে কটাক্ষ ও ট্রল করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Nagad
Nagad

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে