প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৬
সারাদিন ডেস্ক
টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড়ধসে শিশুসহ দুই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ার বাসিন্দা মো. ইউনুস (২৮), তাঁর স্ত্রী রানু আক্তার (২২), তাঁদের চার বছর বয়সী ছেলে মো. সোলেমান এবং একই এলাকার মো. জুয়েল (৩৪) ও তাঁর স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত রোববার থেকে টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে বিভিন্ন স্থানে ধসের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড়ধসে একটি পরিবারের তিন সদস্য নিহত হন। একই এলাকায় আরেকটি পাহাড়ধসে একটি বসতঘরের ওপর মাটি ধসে পড়লে স্বামী-স্ত্রী নিহত হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করেছে।
এদিকে টানা বর্ষণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে খোলা ২২০টি আশ্রয়কেন্দ্রে অনেক দুর্গত মানুষ আশ্রয় নিলেও, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অনেকেই এখনো নিরাপদ স্থানে যেতে অনাগ্রহী।
জেলা প্রশাসন জানিয়েছে, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টির কারণে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রশাসন সবাইকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।