প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৬
সারাদিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে রাত সাড়ে ৯টার দিকে খাবার ডেলিভারি দিতে গেলে মাহফুজুল হকের ওপর হামলা চালানো হয়। গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজের গাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে সময় গাড়িটির ইঞ্জিন চালু ছিল।
পুলিশ জানায়, মাহফুজুল হকের মাথার পেছনে গুলির আঘাতের চিহ্ন ছিল। তাকে দ্রুত পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
নিহত মাহফুজুল হকের গ্রামের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। তিনি যুক্তরাষ্ট্রের নর্থইস্ট ফিলাডেলফিয়ায় বসবাস করতেন। এর আগে তিনি আল-শাম উইলো গ্রোভে কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে।
এ ঘটনায় পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।