Print

সারাদিন

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে, পরিবর্তন আসেনি: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

সারাদিন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন হয়নি, কেবল হাতবদল হয়েছে। আগে এক পক্ষ মাদক, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করত, এখন অন্য পক্ষ একই কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌর চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সঙ্গে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এসব শুধু হাতবদল হয়েছে।’

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুতের সংকট বেড়েছে এবং কর্মসংস্থানের পরিবর্তে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে। তার ভাষায়, ‘এখন আর বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। কথা ছিল চাকরি দেবে, কিন্তু উল্টো মাদক আর জুয়া বেড়েছে।’

নিজেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে হাসনাত বলেন, ‘আমাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতিরও প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমরা দুর্নীতিবাজ রাজনীতিকে কঠিন করে তুলতেই রাজনীতিতে এসেছি।’

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তার দাবিতে আয়োজিত সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

Nagad
Nagad

সমাবেশে আগামী সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা সদস্য সচিব সুজা উদ-দৌলার নামও ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ।

এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা সোনাগাজী বাজারে পদযাত্রা করেন এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। কর্মসূচিতে ছাত্রশক্তি, যুবশক্তি এবং এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।