প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬
সারাদিন ডেস্ক
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদক ও চুরির মামলার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) রাতে মাদক ও চুরির মামলার আসামি রিয়াজ ফকিরকে (২৪) উপজেলার ফুল্লশ্রী গ্রাম থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে থানা হাজতে পুলিশের নির্যাতনে রিয়াজ মারা গেছেন—এমন গুজব ছড়িয়ে পড়ে। পরে তার স্বজন ও স্থানীয় কিছু লোক থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে আসামির মৃত্যুর গুজবের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।