Print

সারাদিন

ধসে পড়েছে সেতু, বন্ধ বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। সেতুটি বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

স্থানীয় সূত্র জানায়, সকালে পাহাড়ি ঢল ও বন্যার পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। এর ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত সড়ক যোগাযোগ পুনঃস্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Nagad
Nagad