Print

সারাদিন

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় নতুন ঋণ কর্মসূচি ও নবম পে-স্কেল

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে রোববার (১২ জুলাই) ঢাকায় আসছে। সফরকালে সরকারের নতুন ঋণ কর্মসূচি, অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি, বাজেট সহায়তার শর্ত এবং নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

আইএমএফের বাংলাদেশ মিশন প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ১৬ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময় অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করবে তারা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারের ঘোষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের উৎস, এর সামষ্টিক অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এবং অর্থায়নের কৌশল নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় হওয়া ঋণচুক্তির পরিবর্তে নতুন সংস্কার এজেন্ডা, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং এসব উদ্যোগ বাস্তবায়নে আইএমএফের কাছে প্রস্তাবিত নতুন ঋণ প্যাকেজও আলোচনায় গুরুত্ব পাবে।

সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে রাজস্বনীতি, জাতীয় বাজেট এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

Nagad
Nagad