প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গত এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে।
মাহদী আমিন বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাজ করছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।