প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬
সারাদিন ডেস্ক
বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। সংগঠনটির অভিযোগ, বারবার হিন্দু ধর্মাবলম্বী নারীকে বিয়ে করে ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন আমির খান। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিহারের ফরবেসগঞ্জ এলাকায় বজরং দলের নেতাকর্মীরা আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা অভিনেতার কুশপুতুল দাহ করেন এবং ‘আমির খান মুর্দাবাদ’ ও ‘আমির খান ভারত ছাড়ো’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বজরং দলের নেতা মনোজ সোনি দাবি করেন, আমির খান বারবার হিন্দু ধর্মাবলম্বী নারীকে বিয়ে করছেন, যা ‘লাভ জিহাদ’-এর অংশ। তিনি আদালত ও সরকারের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে আমির খানকে ‘উচিত শিক্ষা’ দেওয়া হবে। কেন অভিনেতা বারবার হিন্দু নারীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন, সে প্রশ্নও তোলেন তিনি।
উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সেই সংসারেরও ইতি ঘটে। সম্প্রতি বিশেষ বিবাহ আইনের আওতায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। তার তিন স্ত্রীই হিন্দু ধর্মাবলম্বী।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বজরং দলের অভিযোগ বা বিক্ষোভের বিষয়ে আমির খান কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।