Print

সারাদিন

ফরিদপুরে বাসচাপায় ৫ নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ৬ যানবাহন

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাকের চাকা ফেটে সড়কের ওপর উল্টে যায়। এতে মহাসড়কে ডিম ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেগুলো কুড়াতে রাস্তায় নেমে আসেন। এ সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা লোকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন।

নিহতদের মধ্যে ডিমবোঝাই ট্রাকের চালক রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে সোয়াদী এলাকার জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)-এর পরিচয় নিশ্চিত হয়েছে। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Nagad
Nagad

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।