Print

সারাদিন

পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে রেল কর্মকর্তা নিহত, নারী আটক

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজধানীর বনানীর মহাখালী টিভি গেট এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে ছুরিকাঘাতে মো. মামুন (৩০) নামে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মামুনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড়ির মালিক মো. সুমন জানান, দুপুরে মামুন ওই নারীকে নিয়ে বাসায় আসেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে মামুনের পেটে আঘাত করেন। চিৎকার শুনে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত বিউটি আক্তারকে আটক করে পুলিশ।

ঘাতক বিউটি। সংগৃহীত ছবি

নিহতের চাচা মো. মোকসেদ আলী জানান, মামুনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। তার বাবা বাবুল আহমেদ। তিনি সম্প্রতি, গত ১ জুলাই বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস কর্মকর্তা হিসেবে যোগ দেন। প্রায় পাঁচ বছর আগে তার বিয়ে হয়েছিল এবং তার স্ত্রী বর্তমানে গ্রামের বাড়িতে রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

Nagad
Nagad