প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬
সারাদিন ডেস্ক
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ উপলক্ষে দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল ঘোষণা করবেন।
এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও কারিগরি জটিলতার কারণে তা স্থগিত করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, ৮ জুলাই ফলাফল প্রস্তুত করা হলেও নির্ধারিত সময়ের আগে ওয়েব পোর্টালে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল আপলোড হয়ে যায়। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স কর্মকর্তা মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ২০ শতাংশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন)-এর শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তরা ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ক্যাটাগরিতে আর্থিক সুবিধা পাবেন।
চলতি বছর পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয় প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী।
যেভাবে ফল জানা যাবে
ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকরা আইপিইএমআইএস (IPEMIS)-এর অনলাইন পোর্টালে ফল দেখতে পারবেন। এছাড়া মোবাইল ফোনের এসএমএস (SMS) সেবার মাধ্যমেও বৃত্তির ফলাফল জানা যাবে।