Print

সারাদিন

বৃষ্টি থামার নাম নেই, পথে পথে দুর্ভোগে রাজধানীবাসী

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

সারাদিন ডেস্ক

টানা বর্ষণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকায়। গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের পর রোববার (১২ জুলাই) সকালেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কে যানজট, বাসে অতিরিক্ত যাত্রীর চাপ এবং ভেজা অবস্থায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে নগরবাসীকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সড়কে বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও যাত্রীর চাপ ছিল অনেক বেশি। প্রতিটি বাস স্টপেজে বাস থামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের ওঠার হুড়োহুড়ি শুরু হয়। অনেকেই কয়েকটি বাস ছেড়েও উঠতে পারেননি। বাসগুলোর ভেতরেও ছিল উপচে পড়া ভিড়।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। ইসিবি চত্বর, আগারগাঁও, পল্লবী, শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় ব্যয় করতে হয়েছে নগরবাসীকে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন বাসস্ট্যান্ডে ছাতা হাতে কিংবা ভেজা অবস্থায় দীর্ঘ সময় অপেক্ষা করছেন যাত্রীরা। বাস এলেই আসন তো দূরের কথা, দাঁড়িয়ে যাওয়ার জায়গা পেতেও শুরু হয় প্রতিযোগিতা। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল আরও বেশি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Nagad
Nagad

এদিকে বিভাগীয় পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে চলমান বৃষ্টিজনিত দুর্ভোগ আজও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।