Print

সারাদিন

পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরু

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

সারাদিন ডেস্ক

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ হত্যা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। একই সঙ্গে জামিনে থাকা আসামিদের জামিন বাতিল করা হয়। তবে হাইকোর্ট থেকে জামিন নেওয়া তিন আসামির জামিন বহাল রয়েছে।

শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত দণ্ডবিধির ৩০২, ১৪৩ ও ৩৪ ধারায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিয়ে এবং ইট-পাথর দিয়ে আঘাত করে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। পরে সম্পূরক অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

তদন্তে উঠে এসেছে, ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে পরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করা হয়। মামলার কয়েকজন আসামি বর্তমানে কারাগারে থাকলেও কয়েকজন এখনো পলাতক রয়েছেন।

Nagad
Nagad