প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
সারাদিন ডেস্ক
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে পৌঁছেছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গৌরনদীতে পৌঁছান। সফর উপলক্ষে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে মানবপ্রাচীর তৈরি করে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সফরে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা হয়নি। বরং সাদামাটা আয়োজনের মধ্যেই মানবপ্রাচীরের মাধ্যমে অভিনবভাবে তাকে সংবর্ধনা জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
দুপুরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে জিআই পণ্য হিসেবে স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছসহ শতাধিক দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হবে।
বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কর্মসূচি শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
বরিশাল জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে জনসাধারণের চলাচলে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।