Print

সারাদিন

বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তের টিকিট বিক্রি শুরু

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

সারাদিন ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ পর্বে পৌঁছে গেছে। বাকি রয়েছে শুধু দুটি সেমিফাইনাল ও মহারণের ফাইনাল। এরই মধ্যে ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তের টিকিট বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। যদিও এখনো চূড়ান্ত হয়নি কোন দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে, তবুও ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

ফিফা জানিয়েছে, ফাইনালের দ্বিতীয় শ্রেণির প্রায় ১ হাজার ২০০টি টিকিট এখনো অবিক্রীত রয়েছে। স্টেডিয়ামের বিভিন্ন গ্যালারিতে থাকা এসব টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৮০ মার্কিন ডলার। অধিকাংশ আসনই স্টেডিয়ামের ওপরের অংশে অবস্থিত।

এ ছাড়া মাঠের কাছাকাছি গ্যালারির প্রথম শ্রেণির কিছু টিকিটও বিক্রির জন্য রাখা হয়েছে। তবে এসব টিকিটের দাম অনেক বেশি। কিছু টিকিটের মূল্য ৩০ হাজার মার্কিন ডলারেরও বেশি।

বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন। সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর অন্য ম্যাচে লড়বে ফ্রান্স ও স্পেন। এই দুই ম্যাচের বিজয়ীরাই ফাইনালে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

যারা সরাসরি স্টেডিয়ামে বসে বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে চান, তাদের জন্য এটিই শেষ সুযোগ। অন্যদিকে, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী টেলিভিশন ও অনলাইন সম্প্রচারের মাধ্যমে উপভোগ করবেন ২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ।

Nagad
Nagad