Print

সারাদিন

অর্থ পাচার মামলা: ৮১ ফুট রামমূর্তি নির্মাণের ঘোষণাদাতা হরিদাস গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

সারাদিন ডেস্ক

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং (অর্থ পাচার) মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাত ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে হরিদাস চন্দ্রকে বাইরে ডেকে আনেন। পরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মানি লন্ডারিং মামলায় সিআইডি তাকে গ্রেপ্তার করেছে।

চলতি বছরের জুনে গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের সবচেয়ে বড়, ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন হরিদাস চন্দ্র। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

পরবর্তীতে ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জুনের শেষ দিকে মূর্তি নির্মাণকাজ স্থগিত ঘোষণা করে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কর্তৃপক্ষ। সে সময় মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর পেছনে কোনো প্রশাসনিক বা রাজনৈতিক চাপ ছিল না।

Nagad
Nagad

এদিকে হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের পর এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দির প্রাঙ্গণ ও আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।