Print

সারাদিন

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে পারেনি বা পরীক্ষাকেন্দ্রে সমস্যার মুখে পড়েছে, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানিতে পরীক্ষা দিতে সমস্যা হয়েছে, সেসব প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপ প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা নির্বিঘ্নে আয়োজন করতে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোনো পরীক্ষাকেন্দ্রে পানি উঠে গেলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ দায়িত্ব স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্র, যেখানে মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় ব্যবস্থা নিতে হয়েছে। এছাড়া অন্য যেসব কেন্দ্রে পানি উঠেছে, সেখানে দ্রুত কেন্দ্র পরিবর্তন করে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। প্রয়োজনে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হবে এবং এ জন্য পর্যাপ্ত প্রশ্নপত্র সংরক্ষিত রয়েছে।

Nagad
Nagad

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমরা পড়াশোনায় মনোযোগ দাও। তোমাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। যেখানে প্রয়োজন হবে, সেখানে পুনঃপরীক্ষা নেওয়ার বিধান অনুযায়ী ব্যবস্থা করা হবে।’