Print

সারাদিন

পড়ার টেবিলে ফিরতে শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যেসব কেন্দ্রে সমস্যা বা ভুলত্রুটি হয়েছে, সেখানে পুনঃপরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন কীভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া যায় এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলা করা যায়। এ কারণে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

শিক্ষামন্ত্রী জানান, বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শুরু থেকেই সতর্ক ছিল। কোথাও পরীক্ষাকেন্দ্রে পানি ওঠার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কুমিল্লাসহ কয়েকটি এলাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসনিক গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে বা ক্ষতিগ্রস্ত হলে তথ্য যাচাই করে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। এ জন্য পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্রও প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘তোমরা পড়ার টেবিলে ফিরে যাও। তোমরাই দেশের ভবিষ্যৎ। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।’

Nagad
Nagad