প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশের পুঁজিবাজারে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং (একই দিনে শেয়ার কেনাবেচা) চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের পুঁজিবাজারের লেনদেন ব্যবস্থা আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করার শর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) সম্মতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্ক্রিপ নেটিং চালু হলে বিনিয়োগকারীরা একই কার্যদিবসে একটি শেয়ার কিনে আবার বিক্রি করতে পারবেন। এর ফলে বাজারে তারল্য বৃদ্ধি, লেনদেনের গতি বাড়ানো এবং বিনিয়োগকারীদের জন্য আরও নমনীয় ট্রেডিং সুবিধা নিশ্চিত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
তবে এই সুবিধা কার্যকর করতে স্টক এক্সচেঞ্জগুলোর প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অন্যান্য নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে বিএসইসি।