Print

সারাদিন

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, ভারতের অবস্থান অপরিবর্তিত

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রত্যাবাসন-সংক্রান্ত যেকোনো বিষয় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হবে বলেও জানিয়েছে নয়াদিল্লি।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতের আগের অবস্থানই বহাল রয়েছে। এ ধরনের প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার আওতায় পড়ে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করতে চান।

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন।

এদিকে, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় হয়েছে। এমন পরিস্থিতিতে তার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই হবে।

Nagad
Nagad