প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
বাংলাদেশে এআইওটি (এআইওও) পোর্টফোলিও সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা বাজারে এনেছে গ্লোবাল প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। নতুন লাইনআপে রয়েছে শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১, শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১ এবং শাওমি আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল।
বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন ক্যামেরাগুলোতে এআই-ভিত্তিক শনাক্তকরণ প্রযুক্তি, উচ্চমানের ভিডিও রেকর্ডিং, ফিজিক্যাল লেন্স শিল্ড এবং ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বাসাবাড়ি ও কর্মস্থলের নিরাপত্তার পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও নিশ্চিত হবে।
ইনডোর ব্যবহারের জন্য তৈরি শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১-এ রয়েছে ১০৮০পি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং, ৩৬০ ডিগ্রি প্যানোরামিক কাভারেজ, ইনফ্রারেড নাইট ভিশন এবং লোকাল এআই-চালিত মানুষ ও পোষা প্রাণী শনাক্তকরণ সুবিধা। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় এতে যুক্ত করা হয়েছে ম্যানুয়ালি নিয়ন্ত্রিত ফিজিক্যাল লেন্স শিল্ড।
অন্যদিকে, শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১-এ রয়েছে ২কে (৩ মেগাপিক্সেল) রেজ্যুলেশনের ভিডিও ধারণ ক্ষমতা, ডুয়েল-গিম্বল রোটেশন, ৩৬০ ডিগ্রি অনুভূমিক ও ১০৭ ডিগ্রি উল্লম্ব কাভারেজ এবং এআই-ভিত্তিক মানব শনাক্তকরণ প্রযুক্তি। সংবেদনশীল ভিডিও সুরক্ষায় এতে রয়েছে এনক্রিপ্টেড কমিউনিকেশন, সিকিউর ক্লাউড আর্কিটেকচার ও প্রাইভেসি মোড।
আউটডোর নিরাপত্তার জন্য আনা শাওমি আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল-এ রয়েছে ডুয়েল-লেন্স ডিজাইন, ৩ মেগাপিক্সেল ইমেজিং, স্মার্ট ফুল-কালার নাইট ভিশন, এআই-চালিত মানুষ ও যানবাহন শনাক্তকরণ, ভার্চুয়াল ফেন্স অ্যালার্ট এবং অডিও-ভিজ্যুয়াল অ্যালার্ম। আইপি৬৬ রেটিংয়ের কারণে এটি মাইনাস ৩০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও কার্যকরভাবে কাজ করতে সক্ষম।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, বর্তমানে নিরাপত্তা বলতে শুধু নজরদারি নয়, ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। নতুন ক্যামেরাগুলোর মাধ্যমে এনক্রিপ্টেড ডেটা ট্রান্সমিশন ও প্রাইভেসি-ফার্স্ট প্রযুক্তি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
তিনি জানান, পরিবার, ছোট ব্যবসা, ক্লিনিকসহ যেসব প্রতিষ্ঠান সংবেদনশীল ভিডিও ফুটেজ নিরাপদ রাখতে চায়, তাদের জন্য নতুন ক্যামেরাগুলো কার্যকর সমাধান হবে।
প্রতিটি ক্যামেরায় বিল্ট-ইন এমজেএ১ সিকিউরিটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যা হ্যাকিং প্রতিরোধে সহায়ক। এছাড়া শাওমি হোম অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা দূর থেকেই ক্যামেরা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে পারবেন।
নতুন তিনটি ক্যামেরাই বর্তমানে দেশজুড়ে শাওমির অনুমোদিত স্টোরে পাওয়া যাচ্ছে। সি২০১-এর দাম ৩,০৯৯ টাকা, সি৩০১-এর দাম ৪,৮৯৯ টাকা এবং আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল-এর দাম ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।